দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আমরা আগেই ধারণা করেছিলাম, দুইশ’র ওপরে আসন থাকবে, তাই হয়েছে। জামায়াত যে আসনগুলো পেয়েছে, আমি মনে করি তারা বেশিই পেয়েছে, কম পায়নি। সুতরাং তারা বিরোধী দলের অবস্থানে থেকে নেতৃত্ব দেবে, এটা আমরা প্রত্যাশা করি। দেশ গড়ার কাজে আমরা সবাই নিয়োজিত থেকে ঐক্যবদ্ধ রাজনীতি করতে পারব।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একান্ত সাক্ষাতকারে এ্যানি চৌধুরী এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-৩ আসন থেকে ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এনিয়ে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
এরআগে ২০০১ সালে তিনি এ আসন থেকে ধানের শীষ প্রতীকে সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালেও তিনি বিপুল ভোটে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি আরও বলেন, নির্বাচন শেষ হয়েছে। লক্ষ্মীপুরের মানুষ যে আমানতটুকু দিয়েছে, অত্যন্ত দায়িত্বের সঙ্গে আমাদেরকে তা রক্ষা করতে হবে। দীর্ঘ অপেক্ষা প্রতিক্ষার পর আমরা এই নির্বাচন পেয়েছি। এ নির্বাচনের জন্য আমাদের যথেষ্ট ত্যাগ শিকার করতে হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। আমাদের থেকে বিদায় নিয়েছেন। তিনি লক্ষ্মীপুর থেকে এক সময় নির্বাচন করেছেন, তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি।
তিনি বলেন, লক্ষ্মীপুরের ৪টি আসন বিএনপি পেয়েছে। এরআগে ২০০১ ও ২০০৮ এ নির্বাচন করেছি, তার আগেও বিএনপি এ আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং নির্বাচিত হয়েছে। আজকে বেগম খালেদা জিয়া নেই। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। ৪টি আসনেই আমরা বিজয়ী হয়েছি। ৪টি আসনের সকল পর্যায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো- এলাকার উন্নয়ন, মানুষের পাশে থাকা, মানুষের প্রতি শ্রদ্ধা সমীহ করে সম্পৃক্ত রাখা। তারেক রহমানের নেতৃত্বে আমরা এ কাজটি বাস্তবায়ন করতে সক্ষম হব।
তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বেই আমরা সবসময় মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো দায়-দায়িত্ব পালন করেছি। তিনি সরাসরি আমাদেরকে গাইড করেছেন। আমাদের এলাকার উন্নয়নে তিনি যথেষ্ঠ ভূমিকা রেখেছেন। আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে যে কাজগুলো করব, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান রেখেই করব। তার স্মৃতির প্রতি আমরা কিভাবে সম্মান জানাতে পারি সেদিকেও আমাদের বিশেষ চিন্তা থাকবে।
হাসান মাহমুদ শাকিল/এসএইচএ