সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতরা তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-ে সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০) ও রেহেনা খাতুন (২০)।
জানা গেছে, ভোটের দিন সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন কয়েকটি পরিবারের সদস্যদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তবে তারা আহ্বানে সাড়া না দিয়ে অপর এক বিএনপি নেতা মো. নাসির উদ্দিনের নির্দেশনায় ভোট দিতে কেন্দ্রে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এর জের ধরে শনিবার সকালে আমিন উদ্দিন ও তার অনুসারীরা কয়েকটি বাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে নারীসহ সাতজন আহত হন।
এ বিষয়ে জানতে মো. আমিন উদ্দিনের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিষয়টি জানার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং স্থানীয়ভাবে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।
নাজমুল হাসান/এসএইচএ