মন্ত্রিত্বের দাবিতে বরিশালে মিছিল

বরিশাল-৩ আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীনকে মন্ত্রী পদে নিয়োগের দাবিতে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টিল ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা অ্যাড. জয়নুল আবেদীনকে মন্ত্রী পদে নিয়োগের দাবিতে স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীন বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকার উন্নয়ন নিশ্চিত করতে তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেখতে চান তারা।
বক্তারা আরও বলেন, গত ১৫ বছরে দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় আইনগত সহায়তা দিয়েছেন অ্যাড. জয়নুল আবেদীন। মরহুম বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতেও তিনি আইনি লড়াই করেছেন। এ কারণে বরিশালের উন্নয়নের স্বার্থে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।
নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হবে।
মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম হোসেন, মাধবপাশা বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত ও যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান প্রমুখ।
আরিফ হোসেন/এসএইচএ