আসামি নিয়ে ফিরছিলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হোসেনপুর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকা থেকে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে থানায় ফিরছিলেন কনস্টেবল নজরুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে কনস্টেবল নজরুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। আহত অন্যান্য পুলিশ সদস্যরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এসএইচএ