নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কয়েক দিন ধরে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধের সূত্র ধরে এলাকাবাসী মরদেহটির সন্ধান পান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ বেগম নামে এক নারীর নির্মাণাধীন ও পরিত্যক্ত বাড়ির আশপাশে কয়েক দিন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। দুর্গন্ধের উৎস নিয়ে সন্দেহ তৈরি হলে এলাকাবাসী বাড়ির ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা সেপটিক ট্যাংকের ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, উদ্ধার হওয়া নারীর পরনে কালো রঙের বোরকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সাত থেকে আট দিন আগের। দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকায় মরদেহে ব্যাপক পচন ধরেছে।
ওসি আরও জানান, পচনের কারণে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় নিশ্চিত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মেহেদী হাসান সৈকত/বিআরইউ