শেরপুরে ঢাকা পোস্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশের সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট, এমন মন্তব্য করেছেন শেরপুরের সাংবাদিক নেতারা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শেরপুর প্রেসক্লাবে ঢাকা পোস্টের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পোস্টের শেরপুর জেলা প্রতিনিধি মো. নাইমুর রহমান তালুকদার। সঞ্চালনায় ছিলেন ঢাকা পোস্টের সাবেক জেলা প্রতিনিধি ও এখন টিভির শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম সৌরভ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগতিক বক্তব্য দেন মো. নাইমুর রহমান তালুকদার। এ সময় তিনি প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপস্থিত সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে ঢাকা পোস্টের বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে অবারিত সহযোগিতা কামনা করেন তিনি।
শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও এসএ টিভির শেরপুর জেলা প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেল বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। তথ্য যাচাই-বাছাই করে এবং প্রয়োজনে সিনিয়রদের সঙ্গে পরামর্শক্রমে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করা জরুরি। এতে দেশ ও জাতি উপকৃত হয় এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম নিজস্ব ভূমিকা রাখে। এ সময় তিনি ঢাকা পোস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার মেরাজ উদ্দিন বলেন, ঢাকা পোস্ট একটি জনপ্রিয় অনলাইন গণমাধ্যম। তারা নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে থাকে। বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় নাইমুর রহমান তালুকদারকে অভিনন্দন জানান এবং জেলার সমস্যার সম্ভাবনাকে কাজে লাগাতে শেরপুরের সব সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রফিক মজিদ বলেন, ঢাকা পোস্টের খবরগুলো বস্তুনিষ্ঠভাবে উপস্থাপিত হয়। সেরা হওয়ার অনুভূতি সবসময়ই আলাদা।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল বলেন, ঢাকা পোস্ট সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। তারা অভিযুক্তের পক্ষে-বিপক্ষে উভয় পক্ষের মতামত নিয়ে খবর প্রকাশ করে থাকে। এতে করে সংবাদে তথ্যসমৃদ্ধ উপস্থাপন এবং বিষয়বস্তুর গভীরতা বজায় রাখার চেষ্টা থাকে।

তিনি ঢাকা পোস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় নাইমুর রহমান তালুকদারকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি বিশিষ্ট কলামিস্ট কাকন রেজা বলেন, হাঁটি হাঁটি পা পা করে ঢাকা পোস্ট ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে। এর সবচেয়ে বড় বিষয় হলো পাঠকের গ্রহণযোগ্যতা। কারণ তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। সত্য ও নিরপেক্ষ সংবাদ মানুষ পছন্দ করে ঢাকা পোস্ট সেই কাজটি করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা পোস্ট শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে আসছে। তাদের প্রতিবেদনগুলো তথ্যসমৃদ্ধ এবং সমসাময়িক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। বর্তমান সময়েও তারা ভালো মানের সংবাদ পরিবেশন করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু হানিফ, কোষাধ্যক্ষ ও নিউজ২৪-এর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি নাইম ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে কেক কেটে ঢাকা পোস্টের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ভবিষ্যতেও গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঢাকা পোস্ট।
মো. নাইমুর রহমান তালুকদার/এএমকে