শেরপুরে সেচ লাইনের বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

শেরপুরের নকলা উপজেলায় সেচ যন্ত্রের বিদ্যুৎ লাইনে সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৫ নম্বর বানেশ্বরদী ইউনিয়নের পুলাদেশি গ্রামে এ ঘটনা ঘটে। কৃষিজমিতে কাজ করার সময় সেচের বিদ্যুৎ লাইন ধানের জমিতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন—পুলাদেশি গ্রামের মিরা মিয়ার ছেলে মিন্টু মিয়া (৫৫) এবং একই গ্রামের উবেদ আলীর ছেলে আঙ্গুর (৫০)। গুরুতর আহত হয়েছেন একই গ্রামের সামাত মিয়ার ছেলে সামিরুল (৬০)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ধানের জমিতে সেচের বিদ্যুৎ লাইন কোনোভাবে পড়ে গেলে প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে আরও দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মালিহা মুজাত জানান, সন্ধ্যার দিকে বিদ্যুৎস্পৃষ্ট তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নাইমুর রহমান তালুকদার/এসএইচএ