চাঁদা না পেয়ে বাস কাউন্টারের ম্যানেজারের মাথা ফাটানোর অভিযোগ

ফরিদপুরে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বিকাশ পরিবহনের বাস কাউন্টারে হামলা চালিয়েছে একদল যুবক। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার নাজির বিশ্বাসকে (৪৫) দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও মাথা ফাটিয়ে গুরুতর জখম করেছেন তারা। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের পৌর বাস টার্মিনালে বিকাশ পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ জন অংশ নেয় এবং প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র, রামদা ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী।
আহত নাজির বিশ্বাস নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে। তিনি তিনজন হামলাকারিকে চিনতে পেরেছেন বলে জানান। তাদের মধ্যে রয়েছে- ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মিলন মিয়া, সবুজ হোসেন ও প্রিন্স মাহমুদ নামে তিন যুবক। তবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এ ব্যাপারে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
হাসপাতালে চিকিৎসাধীন আহত নাজির বিশ্বাস জানান, বিকাশ পরিবহনের বিগত তিন বছর যাবৎ ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। প্রতিদিন দূরপাল্লার উদ্দেশ্যে ১২টি গাড়ি (ট্রিপ) ছেড়ে যায় বলে তিনি জানান। দুর্বৃত্তরা তার কাছে ১২টি ট্রিপে প্রায় দশ হাজার টাকা প্রতিদিন দাবি করেন বলে অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, কিছু পোলাপান এসে ট্রিপ প্রতি ৮টি করে সিট চাইতে থাকে। প্রতিটি সিটের বাবদ ১০০ টাকা করে দাবি করে। তিনি সেটা দিতে অস্বীকৃতি জানাই। আজ মঙ্গলবার সকালে তারা এসে বলে আমাদের প্রতি গাড়িতে ৭টি করে সিট দিতে হবে, না হলে একবারে দুই লাখ টাকা দিতে হবে। তিনি এ প্রস্তাব নাকচ করে দিলে তারা অশ্লীল ভাষায় গালি দিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, এর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ফিরে এসে অতর্কিতভাবে আমাকে লোহার রড দিয়ে পেটাতে থাকে এবং একজন রামদা দিয়ে কোপ দিতে গেলে হাত দিয়ে ঠেকিয়ে দিই। এ সময় তিনি তিনজনকে চিনতে পেরেছেন বলে জানান।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জহির হোসেন/আরকে