হোসেনপুরে ২ ঘণ্টার ব্যবধানে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। একই পরিবারের দুজনের পরপর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. আবদুল করিম (৭২) শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েকদিন আগে ঢাকায় ভর্তি হন। তিনি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্বশুরের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকাহত হন তার জামাই মো. হিরা মিয়া (৪৮)। তিনি একই গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে এবং আবদুল করিমের মেয়ের স্বামী। পরিবারের সদস্যরা জানান, খবর শোনার পর তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও দুই ঘণ্টার ব্যবধানে তারও মৃত্যু হয়।
এ ঘটনায় ভরুয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুজনের এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। পরিবারটি এখন শোকাহত অবস্থায় রয়েছে। মহান রাব্বুল আলামিন পরিবারের সবাইকে ধৈর্য্য শক্তি বাড়িয়ে দিক, তারা যেন এই শোক বহন করতে পারেন।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এসএইচএ