জমিজমা সংক্রান্ত ঝামেলায় মৃত্যুর একদিন পরও কবর দেওয়া হয়নি বৃদ্ধ আজিজারকে

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা এলাকায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের এক বৃদ্ধের লাশ বাড়ির আঙিনায় রেখে দাফন বিলম্বিত করার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের পয়ড়াডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আজিজার রহমান (৭৫) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। বুধবার সকাল ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে বলে এলাকায় মাইকিং করা হয়। কিন্তু এদিন রাত সাড়ে ১০টা পর্যন্ত তার মরদেহ বাড়ির আঙিনাতেই রয়ে গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজিজার রহমানের প্রথম স্ত্রী জয়গুনের ঘরে আব্দুল হাকিম নামে এক ছেলে এবং জোসনা, ময়না ও কাছুয়া নামে তিন মেয়ে রয়েছেন। প্রায় ৩০ বছর আগে প্রথম স্ত্রীর মৃত্যু হলে তিনি রহিমাকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে টাইগার নামে এক ছেলে ও আকলিমা নামে এক মেয়ে রয়েছেন।
অভিযোগ রয়েছে, জীবদ্দশায় আজিজার রহমান তার স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর সন্তানদের নামে লিখে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী জানাজায় অংশ নিতে এলে প্রথম স্ত্রীর সন্তানরা দাফনে আপত্তি জানান। তাদের দাবি, বাবার রেখে যাওয়া সম্পত্তি সমানভাবে বণ্টন এবং প্রয়োজনীয় দলিল সম্পন্ন করতে হবে; অন্যথায় তারা জানাজা ও দাফন করতে দেবেন না।
সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত থেকে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো সমাধান না হওয়ায় রাত ১০ টায় এ রিপোট লেখা পর্যন্ত মরদেহ বাড়ির বাহির আঙিনায় কাফন পরানো অবস্থায় খাটিয়ায় পড়ে থাকে।
প্রতিবেশী আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। পারিবারিক বিষয় থাকলেও মৃত ব্যক্তির সম্মান রক্ষা করা সবার আগে প্রয়োজন।
পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দাফন সম্পন্ন করার পর আইনি বা সামাজিকভাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা উচিত ছিল।
স্থানীয় হাফিজুর রহমান বলেন, এখন সাড়ে ১০টা বাজে আমি ঘটনা স্থলে আছি সমঝোতার চেষ্টা চলছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ,আব্দুল্লা হিল জামান জানান,আমি এ বিষয়ে কিছু জানিনা। কেউ আমাকে জানায়নি।
মমিনুল ইসলাম বাবু/এমটিআই