বিএনপি নেতার মাথা ন্যাড়া করে দিলেন কৃষক দল নেতা, থানায় মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারের (৫৫) মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে।
এ ঘটনায় গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী আব্দুল মান্নান তালুকদার। বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থক। তিনি উপজেলা বিএনপির বর্তমান কমিটির সিনিয়র সদস্য।
মামলায় ঘটনার মূলহোতা ও অভিযুক্ত পৌর কৃষক দলের সভাপতি শাহী মুনশীর নাম উল্লেখ করে তার সহযোগীদের অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।
এর আগে বুধবার দুপুর সোয়া ২টার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল মান্নান তালুকদার বলেন, ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশা যোগে ময়মনসিংহ যাওয়ার পথে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুনশী আমাকে দেখতে পেয়ে টেনেহিঁচড়ে সিএনজি থেকে নামায়। এরপর আমাকে মারধর করে পাশের একটি সেলুনে নিয়ে গিয়ে শাহী মুনশী ও তার লোকজন আমার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। এ সময় শাহী মুনশী পথচারীদের ডেকে এনে আমাকে দেখিয়ে উপহাস করে।
এ ঘটনায় বিচার দাবি করে এই বিএনপি নেতা বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। বারবার জেল খেটেছি কিন্তু কখনো এমনভাবে নির্যাতনের শিকার হইনি। আমার অপরাধ আমি ঘোড়া প্রতীকের নির্বাচন করেছিলাম।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী বলেন, গৌরীপুরে ধানের শীষ বিজয়ী হয়েছে, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। আমরা আশা করেছিলাম, গৌরীপুরে শান্তি ফিরে আসবে কিন্তু সেই জায়গায় আমি এ উপহার পেলাম। আশা করছি প্রতিমন্ত্রী আছেন, জনতা আছেন- তারাই আইনের মাধ্যমে এ ঘটনার বিচার করবেন।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পৌর কৃষক দলের সভাপতি শাহী মুনশী পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি।
তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান। তিনি বলেন, অভিযোগ পেয়েই মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের পুলিশের অভিযান চলমান আছে।
আমান উল্লাহ আকন্দ/আরএআর