ঝিনাইদহে ভগ্নিপতির মারধরে দিনমজুরের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপার জয়ন্তীনগর গ্রামে পারিবারিক বিরোধের জেরে মারধরে কেসমত আলী (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের সিরাজ সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে লক্ষ্য করে কেসমত আলী বলেন- তোকে দেখে নেব। এ ঘটনায় পাশে থাকা তার বোনের স্বামী নবীস উদ্দিন ক্ষিপ্ত হয়। কিছুক্ষণ পর বাড়ির পাশে একা পেয়ে নবীস উদ্দিন ও তার পরিবারের লোকজন কেসমত আলীর সাথে কথা কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে তারা কিল-ঘুষি দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে। বয়ষ্ক মানুষ হওয়াতে হালকা আঘাতেই কেসমত আলীর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত বিষয় জানা যাবে।
আরএআর