মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৪

মাগুরার শ্রীপুর উপজেলার রামনগর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় উভয় পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা আবু সালেহ ও মিঠুনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মাতব্বররা পরদিন বুধবার সকালে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে নির্ধারিত সময়ের আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শ্রীপুর থানায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় উভয়পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, রামনগর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় অভিযুক্ত উভয় পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তাছিন জামান/আরএআর