তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা, বগুড়ায় তারাবির পর কিশোরকে কুপিয়ে হত্যা

বগুড়ার নন্দীগ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মিলন রহমান (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।
মিলন বুড়ইল গ্রামের দিলবরের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামের বুড়ইল গ্রামের শামিমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশী নবীর শেখ নামে আরেক যুবকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে সেখানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় শামিম ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তকে নিয়ে ঘটনাস্থলে আসেন। তারা অতর্কিত মিলনের ওপর হামলা চালায় এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, কী ঘটনায় মিলনকে হত্যা করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন। এ ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
আব্দুল মোমিন/এমটিআই