শহীদ মিনারে 'জয় বাংলা' স্লোগান, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার ঘটনায় এক নেতাকে আটক করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
আটক ওই নেতার নাম ফতিয়ার কবীর বাপ্পী (৪০)। তিনি দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের নুরুল কাইয়ুম মাস্টারের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ৮ থেকে ১০ জন নেতাকর্মী উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে জয় বাংলা মিছিল নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে আসে। পুলিশ বাধা দিলে তাদের দিকে তেড়ে আসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ নিয়ে পুলিশের সাথে তাদের বাগবিতণ্ডা হয়। পরে ঘটনাস্থল থেকে ফুলের তোড়াসহ ইফতিয়ার কবীর বাপ্পীকে আটক করা হয়।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নেটিজেনরা ফেইসবুকে বিরূপ মন্তব্য করেন।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে শহীদ মিনারে দায়িত্বরত পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আটককৃত ইফতিয়ার কবীরকে আদালতে পাঠানো হয়েছে।
আমান উল্লাহ আকন্দ/এসএইচএ