মাদারীপুরে আ.লীগ অফিস খুলে দিলেন চেয়ারম্যান, তালা দিল ছাত্রদল

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয় খুলে দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর। খোলার কয়েক ঘণ্টা পরই সেটি পুনরায় তালাবদ্ধ করে দিয়েছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবরের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কার্যালয়টি হঠাৎ খুলে পতাকা উত্তোলন করে সেখানে তারা কিছু সময় অবস্থান করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা সেখানে গিয়ে আওয়ামী লীগের অফিসটি পুনরায় তালাবদ্ধ করে দেন এবং সেটির নিয়ন্ত্রণ নেন।
মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসটি খুলে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা নেতাকর্মীদের সাথে নিয়ে অফিসটি পুনরায় বন্ধ করে দিয়েছি। বর্তমানে অফিসটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনভাবেই কাউকে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দেয়া হবে না।
আহাদুজ্জামান/এসএইচএ