গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় মামলা

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাত গ্রামবাসীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত লেবু মিয়া ওরফে ভন্ডলের মা ফুলমতি বেগম শনিবার (২১ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় সুনির্দিষ্ট করে কাউকে আসামি করা হয়নি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা রুজু হয়েছে। তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) ভোরে সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে স্থানীয়দের হাতে ধরা পড়েন লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) ও মঈনুল ইসলাম (৫০)। স্থানীয়দের দাবি, তারা ছিনতাইয়ে জড়িত ছিলেন। সেখানে গণপিটুনিতে তারা নিহত হন।
পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলা দায়েরের পর এলাকায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জোবায়দুর রহমান জুয়েল/এমএসএ