অভ্যন্তরীণ কোন্দল অপপ্রচার, আমরা ঐক্যবদ্ধ রয়েছি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের কারণ নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনে বিএনপির পরাজিত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ।
তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে মর্মে ইতোপূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তাকেও লিখিতভাবে এ বিষয়ে জানানো হয়েছে। এরপর হাইকোর্টে এ বিষয়ে রিট করা হয়েছে। অথচ একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এ নির্বাচনে পরাজয়ের কারণ দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল বলে অপপ্রচার করছে। তারা ষড়যন্ত্র করে একটি পত্রিকায় সাংবাদিকতার নিয়ম বহির্ভূতভাবে দলীয় নেতৃবৃন্দের মতামত না নিয়ে একটি বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করে। প্রকৃত পরাজিত প্রার্থীকে বিজয়ী করে দেওয়ার জন্য যে সুক্ষ্ম কারচুপি করা হয়েছে- তার দায়টি আমাদের দলের ওপর চাপানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির ঐক্য নষ্ট করার জন্য তারা দলের বিপক্ষে কাজ করছে। কিন্তু আমরা জেলা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছি। বিএনপির সকল নেতৃবৃন্দ এক সাথে কাজ করছি, ভবিষ্যতেও করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মমিনুল ইসলাম বাবু/আরএআর