ডালডায় মৃত ইঁদুর, মেয়াদোত্তীর্ণ রুটি নতুন মোড়কে বাজারজাত

চুয়াডাঙ্গা শহরে একটি বেকারিতে অভিযান চালিয়ে ডালডার ভেতরে মৃত ইঁদুর ও নানা অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুন মোড়কে প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগও প্রমাণিত হয়েছে। এ ঘটনায় একই মালিকের দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
অভিযান সূত্রে জানা যায়, শহরের দৌলতদিয়াড়ে অবস্থিত মো. সাইদুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টে ব্যবহৃত ডালডার ভেতর মৃত ইঁদুর পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ছাড়া, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং আগাম বেকারি পণ্য প্রস্তুত করে পরবর্তীতে চলতি তারিখ উল্লেখ করার অভিযোগও প্রমাণিত হয়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে একই মালিকের অপর প্রতিষ্ঠান অনন্যা ফুড প্রোডাক্টে মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুন মোড়কে প্যাকেটজাত করে বাজারজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ডালডার মধ্যে মৃত ইঁদুর পাওয়া এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পুনরায় প্যাকেটজাত করার মতো গুরুতর অনিয়মের কারণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল, সেমাই ও মসলার মিলেও তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
আফজালুল হক/এএমকে