রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, আরও একজনকে গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি শিখনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার শিখন রাজবাড়ী লক্ষ্মীকোল সিলিমপুর এলাকার রাজ্জাকের ছেলে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প।
জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পাওনা টাকার জেরে রাজবাড়ীর কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আসামিরা ভিকটিম স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত জাহিদের বাবা গত ১৮ ফেব্রুয়ারি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে র্যাব আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মধুখালী থানার মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিখনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি রাতুলকে (২৮) গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে