লক্ষ্মীপুরে স্বপ্নসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুরে স্বপ্ন সুপার শপসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার দালাল বাজারে এসব প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
পৃথক এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এবং হাবিবুর রহমান। অভিযানে ভোক্তা সংরক্ষণ, কৃষি বিপনন ও বিএসটিআই আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, রমজান মাস উপলক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করায় ব্যবসায়ী মো. রুবেলকে এক হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ী খলিলুর রহমানকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্য রাখায় স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা, বিএসটিআই আইন অনুযায়ী লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ব্যবসায়ী রাকিবুল হাসানকে ১০ হাজার টাকা এবং পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করায় সুমাইয়া বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূঁইয়া জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
হাসান মাহমুদ শাকিল/আরএআর