দরজা ভেঙে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন হাতে শপথ করিয়ে হুমকি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে।
এ সময় প্রায় ৪০ মিনিট ধরে তারা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন- দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। আলমারি ও সুকেসের চাবি দিতে দেরি হওয়ায় তাদের মারধর করা হয়। ডাকাতরা মাটির ব্যাংক পর্যন্ত ভেঙে টাকা নিয়ে যায়। ঘটনার সময় ঘরে প্রবাসী লিটন গাজীর মা, স্ত্রী ও ছোট মেয়ে উপস্থিত ছিলেন।
ডাকাতরা চলে যাওয়ার আগে পরিবারের সবাইকে কোরআন হাতে শপথ করিয়ে ঘটনাটি প্রকাশ করলে হত্যার হুমকি দেয় বলে জানান তারা। এতে পরিবার আরও আতঙ্কে রয়েছে। তারা জীবনের নিরাপত্তা ও বিচার পেতে প্রশাসনের সহযোগিতা চান।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। আমরা ডাকাতির সাথে জড়িতদের শনাক্তে কাজ করছি।
আরএআর