ফরিদপুরে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হায়দার মোল্লা (৩১) পদত্যাগ করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে এই ঘোষণা দেন তিনি।
দুই বাক্যের ওই পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি হায়দার মোল্লা, ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করলাম। এনসিপির অঙ্গসংগঠনের সব নেতা-কর্মীদের আমার সঙ্গে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হায়দার মোল্লা বলেন, ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণে স্বেচ্ছায় এবং সুস্থ চিন্তাভাবনার ভিত্তিতে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আপাতত আমি রাজনীতিতে সক্রিয় থাকব না।
তিনি বলেন, ভবিষ্যতে শুধু এনসিপি নয়, অন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকব কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।
পদত্যাগপত্র গ্রহণের সত্যতা নিশ্চিত করে জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, হায়দার মোল্লার পদত্যাগপত্র তিনি পেয়েছেন। এটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারেন। কেউ চাইলে দল ছাড়তে পারেন বা অন্য কোনো রাজনৈতিক ধারায় যুক্ত হতে পারেন—এটি গণতান্ত্রিক সংস্কৃতির অংশ।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ ডিসেম্বর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির ফরিদপুর জেলার ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্যসচিব আক্তার হোসেন। তাদের যৌথ স্বাক্ষরের মাধ্যমে ফরিদপুর জেলা কমিটি পরবর্তী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেয়।
জহির হোসেন/এএমকে