কারাগার থেকে বেরোনোর দেড় ঘণ্টার মধ্যে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তির দেড় ঘণ্টার ব্যবধানে প্রতিপক্ষের হামলায় মো. ইমন (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
নিহতের বাবা ওমর খৈয়াম বলেন, তার ছেলে একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে জামিনে মুক্ত হয়ে বাড়ির পথে রওনা দেন। কিছুক্ষণ পর মোবাইলে একটি কল পেয়ে বাইরে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
“আমার ছেলের সাথে কয়েকজনের দ্বন্দ্ব ছিল। ওরাই তারে ফাঁসাইয়া র্যাবের হাতে ধরাইয়া দিছিল। ওরাই ডাইকা নিয়ে কোপাইয়া মারছে,” অভিযোগ করেন তিনি।
নিহতের বাবা আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে একজন একই দিন জামিনে কারাগার থেকে বের হয়েছেন।
ওসি আব্দুল মান্নান বলেন, আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইমনকে হত্যা করেছে। নিহত যুবক দেড় ঘণ্টা আগে জামিনে কারাগার থেকে বেরিয়েছিলেন।
তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।
মেহেদী হাসান সৈকত/এসএইচএ