রাজবাড়ীতে জমিজমা নিয়ে বিরোধে কৃষক নিহত, আহত ১৭

রাজবাড়ী সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আতর শেখ (৫৫) সদর উপজেলার বেথুলিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সূর্য মিয়া ও কুদ্দুস শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সোমবার সকালে বিরোধের জেরে সূর্য মিয়া তার সমর্থকদের নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে প্রতিপক্ষ কুদ্দুস শেখ, খালেক শেখ ও বারেক শেখসহ তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে উভয়পক্ষের অন্তত ১৭ জন আহত হন।
আহতদের মধ্যে ১৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখ মারা যান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখ নামে এক ব্যক্তি মারা গিয়েছেন। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমএন