শেরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে কৃষককে হত্যা, তিন নারী আটক

শেরপুরের নকলায় বাড়ির সীমানা ও রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে খোরশেদ (৫০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, তাদের চাচাতো বোনের জামাই জুলহাস মিয়ার সঙ্গে বাড়ির সীমানা ও চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই বিরোধকে কেন্দ্র করে আবারও পারিবারিক ঝগড়া বাধে। একপর্যায়ে খোরশেদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্ক শুরু হয়। জুলহাস মিয়ার পরিবারের লোকজন খোরশেদকে একা পেয়ে গলা চেপে ধরে এবং পেছন দিক থেকে দুই হাত দিয়ে চেপে ধরে। এতে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করে। আটকরা হলেন- জুলহাসের স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোস্না এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তার।
অভিযোগ অস্বীকার করে জুলহাসের পরিবার জানায়, কথা কাটাকাটির একপর্যায়ে খোরশেদ উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যান। তিনি আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন। উত্তেজনার কারণে স্ট্রোক হয়ে থাকতে পারে। তাদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ মিথ্যা।
নকলা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম বলেন, কৃষক খোরশেদের মৃত্যুর অভিযোগ নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নাইমুর রহমান তালুকদার/আরএআর