গাজীপুরে অটোরিকশা চালককে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩

গাজীপুরের শ্রীপুরে আতাউর রহমান (৩২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার অপহরণের শিকার অটোরিকশা চালক আতাউরের বড় ভাই রেজাউল করিম (৩০) বাদী হয়ে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই রাতেই মামলার দুইজন এবং অপর এক আসামিকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার আড়িয়া মোহন গ্রামের রোকন তালুকদারের ছেলে আসাদুল ইসলাম (৪৬), এনামুল হক (৪০) ও শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার মৃত মাইন উদ্দিন বেপারীর ছেলে আদাম বেপারী বাবু (৩২)।
জানা গেছে, ভুক্তভোগী অটোরিকশা চালক আতাউর রহমান কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর গ্রামের আব্দুল কাসেমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (ওয়েলডান মোড়) এলাকার ভাড়া বাসায় বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত রোববার দিবাগত সাড়ে ৯টার দিকে আসাদুল ইসলাম এবং এনামুল হকসহ তাদের চারজন সহযোগী আতাউর রহমানকে তার ভাড়া বাসার সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে। তারা তাকে আসাদুল ইসলামের দোকানের ভেতরে নিয়ে দোকানের সাটার বন্ধ করে দেন। একপর্যায়ে অপর আসামি আদাম বেপারী বাবু এবং আনোয়ার হোসেন নামে একজন অটোরিকশা চালককে কাঠের বাটাম দিয়ে মারধর করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় আসামিরা ভুক্তভোগীর সাথে থাকা নগদ ৩৭ হাজার টাকা এবং তার মোবাইলের বিকাশ অ্যাকাউন্টে থাকা ৮ হাজার টাকা মুক্তিপণ নিয়ে যায়। মুক্তিপণের বাকি টাকা না দেওয়ায় আসাদুল ইসলামের ভাড়া বাসার একটি কক্ষে ভুক্তভোগীকে আটক করে রাখে।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লাল চান জানান, দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এনামুল হক এবং আদাম বেপারী বাবুকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি আসাদুল ইসলাম এবং অপহৃত অটোরিকশা চালক আতাউর রহমানকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হবে।
আরএআর