অসুস্থ জামায়াত নেতা ইকবালকে দেখতে হাসপাতালে এমপি শিমুল বিশ্বাস

পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের পরাজিত প্রার্থী অসুস্থ প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইনকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাকে দেখতে যান শিমুল বিশ্বাস। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানা গেছে, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে হঠাৎ অসুস্থ হন পাবনা-৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করা ইকবাল হোসাইন। এ সময় তাকে পাবনা শহরের মোজাহিদ ক্লাব সংলগ্ন এসোর্ট স্টেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তার নিউমোনিয়া শনাক্ত হয়। জেলা জামায়াতে ইসলামীর আমির আবু তালেব মন্ডল এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।
নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে শিমুল বিশ্বাস পাবনায় ফেরেন। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এসোর্ট হাসপাতালে যান। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল হোসাইনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর হাত তুলে সবাই দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে বক্তব্য জানতে ইকবাল হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজকে বিকেলের দিকে আমাকে হাসপাতালে দেখতে আসছিলেন এমপি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেছেন- যেকোন বিষয়ে জয় পরাজয় থাকবেই। আমরা সবাই মিলে পাবনাকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্তভাবে গড়ে তুলবো। অসুস্থতায় খোঁজ-খবরের নেওয়ার জন্য শিমুল বিশ্বাসকে ধন্যবাদ জানান তিনি।
এ বিষয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ইকবাল হোসাইনের অসুস্থতার খবর জানতে পেরে হাসপাতালে খোঁজখবর নিতে গিয়েছি। আসলে আমরা নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বিতা করলেও একজন হেরেছে আমি বিজয়ী হয়েছি। সেটি বড় বিষয় নয়, বড় বিষয় হলো আমরা পাবনারই মানুষ, পাবনারই সন্তান। এখানকার মাটি মানুষের সঙ্গেই আমাদের রাজনীতি। সবাই মিলেমিশে এক সৌহার্দ্যপূর্ণ রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আগামীর পাবনা হবে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত। সুখী সমৃদ্ধশালী শহর হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (পাবনা সদর) আসনে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন ১ লাখ ৬৩ হাজার ১৮৬ ভোট পেয়েছেন।
রাকিব হাসনাত/আরএআর