ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদুর রহমানের মিয়ার ছেলে রাফসান রাফি এবং শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে অনুজ মজুমদার। তারা মুকসুদপুরের এস জে সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফসান রাফি ও তার সহপাঠী অনুজ মজুমদার মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাফসান রাফি ও অনুজ মজুমদার গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর বিকেলে কর্তব্যরত চিকিৎসক রাফসান রাফিকে মৃত ঘোষণা করেন। অপর আহত অনুজ মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে বুঝে দেওয়া হবে।
আরএআর