ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত

গাজীপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কালীগঞ্জ উপজেলাধীন নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)। তারা দুজনেই শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কালিগঞ্জের এশিয়ান হাইওয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে পূর্বাচলের দিকে যাচ্ছিলেন দুই যুবক। এ সময় মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।
হাইওয়ে পুলিশের কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।
এএমকে