বন্দরে তুচ্ছ ঘটনায় মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত দুলাল ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহতের ছেলে ওসমান গনি জানান, বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে প্রতিবেশী সাজিত এসে ওসমান গণিকে পিঠে থাপ্পড় দেন। পরে ওসমানও পাল্টা থাপ্পড় দিলে বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, সাজিত তার পরিবারকে বিষয়টি জানালে তারা একত্র হয়ে ওসমান গণিকে মারধর করে। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে দুলালকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা দুলালকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় দুলাল আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
মীমরাজ হোসেন/এসএইচএ