লালমনিরহাটে অটোরিকশা চালকদের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের সময় আটক ২

অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলা জজ কোর্ট সংলগ্ন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি (খাতাপাড়া) এলাকার মৃত সামসুল হকের ছেলে মো. মজমুল হক (৫০) এবং জেলা শহরের তালুক খুটামারা এলাকার মৃত তাহের আলীর ছেলে মো. মোসলেম উদ্দিন ভোলা (৪০)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের ওসি সাদ আহম্মেদের নেতৃত্বে একটি বিশেষ দল লালমনিরহাট জেলা কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এসআই মনিরুজ্জামান, এএসআই আলদাদ হোসেন ও কনস্টেবল লেবু মিয়া অভিযানে অংশ নেন। অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সাজা দেন। অপরাধ স্বীকার করায় মো. মজমুল হককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মো. মোসলেম উদ্দিন ভোলাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসনের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আরএআর