মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া গ্রামের নাসির হাওলাদার ও একই এলাকার আইউব আলী মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে আয়উব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়ার সঙ্গে নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের বাকবিতণ্ডা হয়। এর জেরে দুপুরে নাসির হাওলাদারের স্ত্রী ও মেয়ে মিলে সুমাইয়াকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৭ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আহাদুজ্জামান/এসএইচএ