যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাজরাকাটি বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জহর হাসান সাগর খুলনা থেকে প্রকাশিত দৈনিক ভয়েজ অব টাইগার এর তালা উপজেলা প্রতিনিধি ও তালা প্রেসক্লাবের সদস্য। অভিযুক্ত নুরু ইসলাম খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ভুক্তভোগীর অভিযোগ, নুরু ইসলাম বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। বুধবার ইফতারের আগে হাজরাকাটি বাজারে তাদের মুখোমুখি দেখা হলে কথা কাটাকাটির একপর্যায়ে নুরু ইসলাম তার ওপর হামলা চালান। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনও হামলায় অংশ নেন।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে অভিযুক্ত নুরু ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সাংবাদিকের সঙ্গে কোনো মারামারির ঘটনা ঘটেনি।
তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, সাংবাদিকদের গায়ে হাত দেওয়া দুঃখজনক। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইব্রাহিম খলিল/এসএইচএ