গাছের সঙ্গে ঝুলছিল প্রবাসীর মরদেহ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হুড়াসাগর নদীর তীরে বিদেশ ফেরত স্বপন সরকার নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ও কাজিপুরা সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন সরকার (৩৫) কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি দুই ছেলে সন্তানের বাবা।
জানা গেছে, ভোরে সাহ্রি খেয়ে মাঠে কাজের উদ্দেশ্যে বের হন স্বপন সরকার। সকালে হুড়াসাগর নদীর ধারে একটি গাছের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, স্বপন সরকার পূর্বে মালয়েশিয়ায় অবস্থান করতেন। তিনি মানসিক সমস্যার কারণে পাবনায় চিকিৎসাও নিয়েছিলেন।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ ঢাকা পোস্টকে বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজমুল হাসান/আরকে