সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় প্রাণ গেল দুই বোনের

কুমিল্লার মনোহরগঞ্জে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হেঁটে সড়কের এক পাশ থেকে অপর পাশে যাচ্ছিলেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী ফোরলেন সড়কের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং তার বড় বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে দুই বোন সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসার জন্য সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তারা সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরিফ আজগর/আরএআর