টিকটক ভিডিও করতে গিয়ে গজারি বনে মিললো অর্ধগলিত লাশ

গাজীপুরে গজারি বনের ভেতর টিকটক ভিডিও বানাতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পায় একদল কিশোর। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে কয়েকজন কিশোর গজারি বনের ভেতর টিকটকের ভিডিও শুটিং করতে যায়। হঠাৎ বাতাসের সঙ্গে তাদের নাকে তীবৃ দুর্গন্ধ আসতে থাকে। পরে কিশোরেরা বনের ভেতরের দিকে এগিয়ে মাটিতে চাপা দেওয়া অবস্থায় লাশটি দেখতে পায়। এরপর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
টিকটক করতে যাওয়া কিশোরেরা জানায়, ভিডিও ধারণ করতে গজারি বনের ভেতর ঢোকার পর পচা গন্ধ পেয়ে সামনে এগিয়ে দেখি মাটির নিচে এক ব্যক্তির লাশ চাপা দেওয়া রয়েছে। শিয়াল মাটি খুঁড়ে কিছু অংশ খেয়ে ফেলেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কয়েকজন যুবকেরা ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড এবং দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে ঘটনা আড়াল করার জন্য গজারি বনের ভেতর মাটি চাপা দিয়ে রেখে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আশিকুর রহমান/এমএন