ঝালকাঠির নলছিটি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর এক কারাবন্দী নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকার পারিবারিক কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫), যিনি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর তিনি কারাগারে ছিলেন। বৃহস্পতিবার সকালে তার বাবা মোশাররফ জোমাদ্দরের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন করা হয়। অনুমোদন পাওয়ার পর স্বল্প সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় তিনি জানাজায় অংশ নেন। জানাজার সময় এলাকায় শোকের আবহ দেখা যায়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেন, পিতার মৃত্যু যে কোনো সন্তানের জন্য গভীর কষ্টের। প্যারোলে মুক্তি নিয়ে বাবার শেষ বিদায়ে অংশ নিতে হওয়াটা আরও বেদনাদায়ক।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে, রাকিবুল ইসলামকে পুলিশি নিরাপত্তায় জানাজায় নেওয়া হয়। তার বাবার দাফন সম্পন্ন হওয়ার পর পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহীন আলম/এসএইচএ
