‘আমরা যে কথাগুলো বলেছিলাম, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব-সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ঠাকুরগাঁওয়ে এসেছিলেন, তিনি তখন বলেছিলেন, কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করে দেওয়া হবে। এরই মধ্যে কিন্তু কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফের বিল পাশ হয়েছে। সুতরাং আমরা যে কথাগুলো বলেছিলাম, এগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর এলাকায় ইএসডিও’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই, আমি আপনাদের কাছে ঋণী। কারণ বরাবরই আপনারা আমাকে সমর্থন দিয়ে এসেছেন। আপনাদের ঋণ আমি কোনদিন ও শোধ করতে পারব না। আপনারা নিশ্চয় জানেন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করতে প্রাথমিক কাজগুলো করার জন্য ঢাকা থেকে একটি টিম এসেছে।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আমি কাজ করছি। ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করার জন্য আমি এরইমধ্যে কথা বলেছি, ইপিজেড তৈরি করার কথা বলেছিলাম, সেটাও দ্রুত শুরু হয়ে যাবে। সরকারের দায়িত্ব নেওয়ার ১৫ দিনও হয়নি। তবে আমরা যে লক্ষ্যের জন্য কাজ করতে চাই, সেই লক্ষ্যে আমরা পৌঁছাচ্ছি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ঠাকুরগাঁওয়ে এসেছিলেন, তিনি তখন বলেছিলেন কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করে দেওয়া হবে। এরই মধ্যে কিন্তু কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফের বিল পাশ হয়েছে। সুতরাং আমরা যে কথাগুলো বলেছিলাম, এগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে-অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করবার প্রত্যয় নিয়ে আজকে এগিয়ে চলছি। আর আমাদের নেতা তারেক রহমান আমাদের সেই নেতৃত্ব দিচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, আজকে ধর্ম-বর্ণ, গোত্র সব কিছুকে একত্র করে সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে, আমাদেরকে আমাদের জাতি গঠনের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আমরা কোনদিনও হার মানিনি, আমরা হার মানব না। আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের চেতনা, ৯০ এর চেতনা, ৫২ এর চেতনা এবং সবশেষে আমাদের জুলাই যুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের জাতি গঠনে সামনের দিকে এগিয়ে যাব।
ড. মুহম্মদ শহীদ উজ জামান-এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন প্রমুখ।
রেদওয়ান মিলন/এসএইচএ