দল-পক্ষের নামে মারামারি, বন্দুকবাজি বন্ধ করতে হবে : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আমি প্রথমেই বলতে চাই, নির্বাচন-পরবর্তী সময়ে সালথা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। দল-পক্ষের নামে মারামারি, বন্দুকবাজি—এসব বন্ধ করতে হবে। এগুলো করে কোনো লাভ হয় না। হাসপাতালে যেতে হয়, মামলা হয়—কিন্তু আসলে আমাদের কোনো লাভ হয় না।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। বল্লভদী ইউনিয়ন বিএনপি এ ইফতার মাহফিলের আয়োজন করে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান ও নির্দেশনা থাকবে, সব ধরনের অপকর্ম থেকে দূরে থেকে এই রমজান মাসে জনগণের পাশে থাকবেন, জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। কোনো উল্টাপাল্টা কাজ, কোনো দুই নম্বর কাজে যদি কাউকে জড়িত হতে দেখি, তাহলে আইন আইনের গতিতে চলবে। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ঘরেরই হোক—তা কোনো বিষয় নয়। আমার দায়িত্ব সবার জন্য। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি—আমি সবার। আমি শুধু বিএনপির এমপি নই।
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ বলেন, মারামারি বন্ধ করে কীভাবে সমগ্র উপজেলায় উন্নয়ন করা যায়, আমাদের ভাই-বোন যারা ইয়াং জেনারেশন, তাদের ভবিষ্যতের জন্য কীভাবে কাজ করা যায়, আমাদের শিক্ষার ব্যবস্থা কীভাবে উন্নত করা যায়, রাস্তাঘাট কীভাবে ঠিক করা যায়—সেগুলোতে আমাদের মনোনিবেশ করতে হবে। সে জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
শামা ওবায়েদ বলেন,আপনাদের মেয়ে হিসেবে আমি আজ এখানে এসেছি। এখনানে এমপি বা মন্ত্রী হিসেবে আসিনি। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে সবসময় আপনাদের সঙ্গে কথা বলি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সন্তান ও মেয়ে হিসেবে থাকতে চাই। আর কোনো পরিচয় আমার দরকার নেই।
অনুষ্ঠানে উপস্থিত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজ এখানে প্রশাসনের যে কর্তাব্যক্তিরা আছেন, আমাদের কর্মকর্তারা আছেন, এসপি আছেন, আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা আছেন। তাদের প্রতি আমি অনুরোধ করব—আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। কোথাও কোনো সমস্যা হলে তা নিরসনে সহযোগিতা করবেন।
বক্তব্যের শেষ পর্যায়ে এসে শামা ওবায়েদ বলেন, সবশেষে আবারও বলছি—চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিকে ‘না’ বলতে হবে। মাদককে ‘না’ বলতে হবে। সালথা উপজেলার মাটিতে কোনো ধরনের অন্যায় আমি হতে দেব না। কেউ অন্যায় করলে আইন আইনের গতিতে চলবে। কোনো তদবির নিয়ে আমার কাছে আসবেন না। দেশে আইন আছে, আদালত আছে—তারাই বিচার করবে।
জহির হোসেন/এসএইচএ