‘ইয়াবা ব্যবসায়ীরা আল্লাহর ওয়াস্তে দল থেকে সরে যান’

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, যারা মাদক কারবার করেন- তারা আমার দলে থাকলে সরে যান, ইয়াবা ব্যবসায়ীরা আল্লাহর ওয়াস্তে দল থেকে সরে যান। একটি নিখুঁত উখিয়া-টেকনাফ গড়তে চাই, দয়া করে আপনারা শুদ্ধ হয়ে যান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেকনাফে উপজেলা বিএনপি আয়োজিত ‘শোকরানা সভা ও ইফতার মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী (এমপি) নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নতুন-নতুন নেতৃত্ব আসবে, তারাই এ দল চালাবে। আমি না থাকলে মনে হয় দল চলবে না, এটা মনে করবেন না কেউ। অনেক নতুন নতুন নেতা আছে যারা নেতৃত্ব দিলে আমাদের চেয়েও যোগ্য নেতৃত্ব দিতে পারবে। এখন যে সব সমস্যা আছে সেগুলোর অবসান ঘটাতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
টেকনাফ বন্দর প্রসঙ্গে তিনি বক্তব্যে বলেন, সীমান্তের কালোবাজারিরোধ করার জন্য টেকনাফ বন্দর আমরা দিয়েছিলাম, যারা অতিরঞ্জিত করে এই বন্দরকে বন্ধ করার চেষ্টা করেছে তারা সেই চেষ্টা থেকে বিরত থাকেন। অচিরেই এই বন্দর ঘিরে বাণিজ্য স্বাভাবিক হবে, নতুন নতুন ব্যবসার সৃষ্টি হবে।
কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
এদিকে মাদক কারবারিদের বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্যের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, প্রকাশ্যে এমন ঘোষণা আসায় সুযোগ সন্ধানী অসাধুরা দলে আসার সাহস পাবে না এবং যাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আছে তারা নিজেদের শুধরে নেবেন।
উখিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সেলিম সিরাজী বলেন, শাহজাহান চৌধুরীর বার্তা স্পষ্ট, বিএনপিতে মাদক কারবারিদের কোনো জায়গা নেই। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার ১৯৭৯ সালের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা একমাত্র ব্যক্তি যিনি এবারের সংসদে আছেন। দক্ষ নেতৃত্বের গুণাবলি ও অভিজ্ঞতা থাকায় আমরা উনাকে চিফ হুইপ হিসেবে প্রত্যাশা করি।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন থেকে ৫ম বারের মত নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দ্বিতীয় সংসদের হুইপ ছিলেন।
ইফতিয়াজ নুর নিশান/আরকে