ঠিকাদারের ম্যানেজারকে হুমকি, ছাত্রদল নেতা বহিষ্কার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্মাণাধীন সেতুতে গাড়ি চলাচলে বাধা দেওয়ায় ঠিকাদারের ম্যানেজারকে গালিগালাজ ও তুলে নেওয়ার হুমকির অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দলটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা শাখার অধীন অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাককে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানানো হয়।
প্রসঙ্গত, সম্প্রতি অষ্টগ্রামে নির্মাণাধীন একটি সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল নিয়ে বিরোধের জেরে ঠিকাদারের ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলাকা থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি আলোচনায় এলে কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক ব্যবস্থা নেয়।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/আরএআর