মাদারীপুরে খামারের ২০ হাজার মুরগিসহ গাছপালা পুড়ে ছাই

মাদারীপুরের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদেশ ফেরত এক তরুণ উদ্যোক্তার একটি মুরগির খামার ও সংলগ্ন ফলের বাগান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের সীমান্তবর্তী কালীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কালীনগর গ্রামের বাসিন্দা তৌহিদ চোকদারের মালিকানাধীন মুরগির খামার ও ফলের বাগানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তাদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে খামার ও বাগানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের প্রাথমিক ধারণা, পাশের বাগানে বনে আগুন থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলের খোঁজখবর নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
ভুক্তভোগী তৌহিদ চোকদার জানান, এই অগ্নিকাণ্ডে তার তিলে তিলে গড়া খামার ও বাগান ধ্বংস হয়ে গেছে। এতে তার প্রায় ১৫ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
মাদারীপুরের কালকিনি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা খোকন জমাদার জানান, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
আহাদুজ্জামান/এসএইচএ