সিরাজগঞ্জে ডাকাত সর্দার কেচুকে পুলিশে দিল পরিবার ও স্থানীয়রা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার রাশেদুল ইসলাম ওরফে কেচু (৩৮) কে আটক করে পুলিশে দিয়েছে পরিবার ও স্থানীয়রা।
ডাকাত মো. রাশেদুল ইসলাম কেচু (৩৮) উপজেলার কোনাবাড়ি গ্রামের মো. সোলাইমান এর ছেলে।
জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রাশেদুল ইসলামকে আটক করে রাখে। এরপর ট্রিপল নাইনে কল করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে আজ রোববার (১ মার্চ) তাকে ছাড়পত্র দেওয়া হয়।
পরবর্তীতে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির একটি মামলায় আদালতে প্রেরণ করেছে কামারখন্দ থানা পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, খুন, দস্যুতা, অপহরণ ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এছাড়া কামারখন্দ থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ ঢাকা পোস্টকে বলেন, এর আগেও এই আসামিকে ধরতে আমরা অভিযান চালিয়েছিলাম। এবার পরিবার ও স্থানীয়রা মিলে তাকে আটক করে রেখেছিল। স্থানীয় হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়। এরপর ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
নাজমুল হাসান/এসএইচএ