কুমিল্লায় শোয়ার ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা এবং মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৭ বছরের শিশুকন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মা।
রোববার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) এবং তার ৭ বছর বয়সী মেয়ে ফাছিহা।
জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফারহানা ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী। একমাত্র ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকে। দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে পড়াশোনা করে। ছোট মেয়েকে নিয়ে ফারহানা শাশুড়ির সঙ্গে বাড়িতেই থাকতেন।
রোববার সকালে শাশুড়ি তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়ি ফিরে টিনের ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরের প্রথম কক্ষে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে অপর কক্ষে একইভাবে ফারহানার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
এএসপি ফয়সাল তানভীর ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। দুজনের গলাতে ফাঁসির দাগ পাওয়া গেছে। তবে অন্য কোনো আঘাতের চিহ্ন ছিল না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরিফ আজগর/আরএআর