ঈদ উপলক্ষে উত্তরের মহাসড়কে পুলিশের ‘এস্কর্ট’ সেবা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে চলাচলকারী সব মূল্যবান পণ্যবাহী যানবাহনকে 'এস্কর্ট' সেবা দেবে পুলিশ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার সীমান্ত পারাপারে এই ব্যবস্থা করা হয়েছে।
রোববার (১ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
জানা গেছে, ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং মূল্যবান পণ্য পরিবহনে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থার আওতায় নির্ধারিত সময়ের মধ্যে যানবাহনগুলোকে পুলিশি নিরাপত্তায় সিরাজগঞ্জ জেলা অতিক্রম করানো হবে।
এ বিষয়ে যোগাযোগের জন্য যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বর ০১৩২০১২৯৮২৪ এবং ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০১২৯৮২৯ দেওয়া হয়েছে। এ ছাড়া, সিরাজগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল নম্বরেও ০১৩২০১৩০৪৯৮ যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য, পুলিশ এসকর্ট হলো আইন প্রয়োগকারী কর্মকর্তাদের (পুলিশ) একটি বিশেষ দল বা নিরাপত্তা ব্যবস্থা, যা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা মূল্যবান সম্পদ এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য নিয়োজিত থাকে।
মো. নাজমুল হাসান/এএমকে