হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম

খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তাদের মধ্যে খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল রয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনা—৩ আসনে (সিটি করপোরেশনের ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়ন) সংসদ সদস্য নির্বাচিত হন।
ধানের শীষ প্রতীকে এই প্রার্থী ৭৪ হাজার ৮৪৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পান ৬৬ হাজার ১০ ভোট।
খুলনা-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪০৯ জন। আসনটিতে ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ১০৪টি। মোট প্রার্থী ছিলেন ১০ জন।
মোহাম্মদ মিলন/আরএআর