জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরের সংবাদ সম্মেলন

প্রায় দুই কোটি টাকা মূল্যের সম্পত্তি প্রতারণামূলকভাবে লিখে নিয়ে তাদেরকে ভরণপোষণ না করা ও মানসিক নির্যাতন এবং পালিত মেয়ের জামাইয়ের কাছ থেকে ওই সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক দম্পতি।
সোমবার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী দম্পতি।
ভুক্তভোগী মুছাববর খাঁ বলেন, আমাদের কোনো সন্তান ছিল না। তখন আমার স্ত্রী ৪ মাসের বয়সের একটি কন্যা সন্তান নিয়ে এসে লালন-পালন করে। তাকে লেখাপড়া শিখিয়ে আমার বোনের ঘরের ছেলের (ভাগ্নে) সঙ্গে বিয়ে দেই। তারা আমাদের বাড়িতেই থাকতো। তখন আমার বাপের ভিটার ১১ শতাংশ সম্পত্তি বিক্রি করে আমার জামাইকে সৌদি আরব পাঠাই। প্রায় ২০ বছর আমার জামাই বিদেশে ছিল। এই ২০ বছরে সে একটি টাকাও আমাকে দেয়নি, সংসার চালানোর কোনো খরচ সে আমাকে দেয়নি। উল্টো আমি তার দুই ছেলে ও দুই মেয়েকে লালনপালন করেছি। দুই মেয়েকে বিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, আমার জামাই আমাকে প্রলোভন দেখিয়ে ছিল জমিজমা যা আছে তাকে লিখে দিতে, শর্ত ছিল সে আমার ভরণপোষণ করবে। সে আমাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আমার দেড় একর জমিজমা সব লিখে নিয়েছে। জমিজমা লিখে নেওয়ার পর তার স্বার্থ যখন উদ্ধার হয়েছে তখন সে আমাদের আর কোনো খোঁজখবর নেয় না, খাওন পড়ন দেয় না, আমরা এখন না খেয়ে থাকি। প্রায় ১৪/১৫ বছর তারা আমাদের কোন ভরণপোষণ দেয় না, খাওয়ার খরচও দেয় না। প্রতিদিন আমার স্ত্রীর ১৫০/২০০ টাকার ওষুধ লাগে, সেই খরচও আমি চালাতে পারছিনা।
তিনি আরও বলেন, গত ২ বছর ধরে আমার ঘরে কোনো বিদ্যুৎ নেই। আমি নতুন মিটার লাগানোর জন্য বিদ্যুৎ অফিসে আবেদন করেছি, কিন্তু আমার জামাই মিটার লাগাতে দেয়নি। স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা প্রতিনিয়ত আমাদের হুমকিধামকি দেওয়া হচ্ছে। আমি স্থানীয়ভাবে কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে এর প্রতিকার চেয়ে ও সম্পত্তি ফিরে পাওয়ার জন্য রাজবাড়ীর সদর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছি। আমার জামাই প্রতারণা করে আমার সম্পত্তি ও জায়গা জমি লিখে নিয়েছে, আমি সহায়সম্পদ হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি। আমি আমার সম্পত্তি ফিরে পেতে চাই।
ভুক্তভোগীর জামাই মজিবুর ব্যাপারী বলেন, আমার শ্বশুর সম্পর্কে আমার মামা হয়। আমি তার পালিত মেয়েকে বিয়ে করি। আমি বিয়ের পর প্রায় ১৭/১৮ বছর সৌদিতে ছিলাম। সেখান থেকে আমি আমার শ্বশুরকে অনেক টাকা পাঠাই, কিন্তু সে এখন অস্বীকার করছে। আমি টাকা দিয়ে তার কাছ থেকে সম্পত্তি কিনে নিয়েছি। কিন্তু সে আমার ওপর মিথ্যা অভিযোগ এনে আদালতে মামলা করেছে।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে