নীলফামারী সীমান্তে ৩ শিশু আটক

নীলফামারীর ডোমারে চিলাহাটি সীমান্ত এলাকা থেকে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ডোমার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত শিশুরা হলো, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার মো. ইসরাফিলের ছেলে মো. ইরফান (১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে মো. সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাশতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির (১০)।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের মধ্যে একজন পরিবারকে না জানিয়ে কয়েকদিন আগে বাড়ি থেকে বেড়িয়ে আসে। পরে ঢাকার কমলাপুর থেকে ট্রেনে উঠে বিভিন্ন জায়গায় যাতায়াত করছিল। সোমবার বিকেলে সে রাজশাহী আসে। সেখানে বাকি দুইজনের সঙ্গে পরিচয় হলে সন্ধ্যার দিকে তারা ডোমারের চিলাহাটিতে ট্রেনে পৌঁছায়। পরে তারা সেখানে সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করছিল। এ সময়ে ৫৬-বিজিবি সদস্যদের সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে থানায় হস্তান্তর করা হয়।
ওসি হাবিবুল্লাহ আরও বলেন, সোমবার সীমান্ত এলাকায় তাদের ঘোরাঘুরি সন্দেহ হলে বিজিবির সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা বাড়িতে না জানিয়ে বের হয়ে বিভিন্ন ট্রেনে যাতায়াত করছে। এর মধ্যে এক শিশু ঢাকার কমলাপুর থেকে সোমবার দুপুরে রাজশাহী আসে। সেখানে বাকি দুজনের সঙ্গে পরিচয় হয়। পরে সেখান থেকে সন্ধ্যার দিকে চিলাহাটি সীমান্ত এলাকায় আসে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে তিন শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে