অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে তিনি নতুন ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করে কুষ্টিয়া থেকে বিদায় নেন।
বর্তমানে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন স্থানীয় সরকারের কুষ্টিয়ার উপপরিচালক (ডিডিএলজি) আহমেদ মাহবুব উল ইসলাম।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) আহমেদ মাহবুব উল ইসলাম কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং মো. ইকবাল হোসেন তার নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
কুষ্টিয়ার বিদায়ী জেলা প্রশাসক দায়িত্ব হস্তান্তর করে তার বদলির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে করা আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে শেষ বিদায় নেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর তিনি গাড়িতে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।
প্রসঙ্গত, গত রোববার (১ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়াসহ পাঁচটি জেলার ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি হয়। এরপর থেকেই এই প্রত্যাহারের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়। মো. ইকবাল হোসেনকে বহাল রাখা নিয়ে জামায়াতে ইসলামী ও জুলাই যোদ্ধাদের ব্যানারে আন্দোলন করা ব্যক্তিদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সোমবার সকালে জামায়াতে ইসলামী, ‘২৪-এর জুলাই আন্দোলনের’ যোদ্ধা ও বিকেল ৩টার দিকে বিএনপির নেতা-কর্মী উভয় পক্ষ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে।
মঙ্গলবার সকাল ১০টায় ‘২৪-এর জুলাই আন্দোলনের’ যোদ্ধা এবং জেলার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
রবিউল আলম ইভান/এএমকে